টঙ্গীতে সাদপন্থীদের হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ টঙ্গী ইজতিমার মাঠে সাদপন্থীদের হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে শহরের নিউমার্কেট চত্বরে উলামা পরিষদ সদর থানা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাও.আব্দুল খালেক, সদর থানা পরিষদের সভাপতি মুফতি সাইফুল্লাহ, সদর থানা উলামা পরিষদ সেক্রেটারি মুফতি নুরুল্লাহ,জামিয়া শরইয়াহ মাদ্রাসার শিক্ষা সচিব মাহমুদুল হাসান, সাতক্ষীরার মারকাজের সাবেক জেলা আমির প্রফেসর হাবিবুর রহমান, জজ কোর্ট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, টঙ্গী বিশ^ ইজতিমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করছিলেন ঠিক তখনই চিহ্নিত ভারতীয় দোসর সাদপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চার জনকে শহীদ করেছে। আহত হয়েছে অসংখ্য সাথী ভাই। আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাদপন্থীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে প্রদান করা হয়।