যারা অপকর্মে জড়াচ্ছেন তারা সাবধান হয়ে যান : অতিরিক্ত আইজিপি

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ যারা মনে করছেন দিন বদল হয়েছে এখন পকেট ভারী করবো এসব চিন্তা ভুলে যান। যেখানে একটা দুটো ডেডবডি পড়লে সমাজ বদলে যায়, সেখানে এত বড় একটা বিপ্লব হলো, হাজারের ওপরে আমাদের তাজা প্রাণ ঝরে পড়েছে। যারা অপকর্মে জড়াচ্ছেন তারা সাবধান হয়ে যান। এমন হুঁশিয়ারি দেন বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। শনিবার বাগেরহাট কামিল মাদ্রাসা মাঠে জেলা ইমাম সমিতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ড. খলিলুর রহমান মাদানী, বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, মাধবকাঠি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, জামায়াত নেতা মনজুরুল হক রাহাত, বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন খানসহ জেলা ইমাম সমিতির সদস্যগণ।
সম্মেলনে প্রধান অতিথি আরও বলেন, যে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আসছে, এটা কোনো একটা রেজিম পরিবর্তন করার জন্য নয়। অমুক আজকে চেয়ারে বসে আছে, উনি চলে যাওয়ার পরে আমি বসব। আগে উনি চেয়ারে বসে অন্যায় করে সুবিধা নিত, এখন আমি সুবিধা নিব। সেটার জন্য এই আন্দোলন হয়নি। অনেকে মনে হয় ভুল ম্যাসেজ নিচ্ছেন, যারা বিভিন্ন অপকর্মে জড়াচ্ছেন, তারা সাবধান হয়ে যান, তওবা করেন।