বাঘারপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ।। যশোরের বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সুপারের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। রোববার বিকেলে উপজেলার প্রশিকা মোড়ের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে থানার মোড় ঘুরে এসে চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ করে দলের নেতা কর্মীরা। শেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দলীয় কার্যালয়ে যেয়ে শেষ করে এদিনের কর্মসূচি।
বক্তারা এদিন বলেন, দেশের সকল ওসির মানসিকতা পরিবর্তন হলেও বাঘারপাড়া থানার ওসির মানসিকতা পরিবর্তন হয়নি। বাঘারপাড়ায় টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করার চেষ্টা করছেন ওসি। এ কাজে সহযোগিতা করছেন যশোরের পুলিশ সুপার। বক্তারা আরও বলেন, মিথ্যা অভিযোগের মামলায় কৃষক দলের নেতা জাকির হোসেনকে আটক করে দুই দিনের রিমান্ড আবেদন করেছেন। তাই আগামী ৩৬ ঘন্টার মধ্যে এসপি ও ওসিকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, একলাচ হোসেন, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক লাভলুর রহমান, দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জামদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এএফএম আসলাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, পৌর কমিটির লাভলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা মাজহারুল ইসলাম খোকন, বিএনপি নেতা জাকির হোসেন সুহুদ, কৃষকদল নেতা মশিউল আযম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসা প্রমুখ।