যশোরে ভারতীয় নাগরিকসহ আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আলাদা অভিযান চালিয়ে ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. কামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ‘উপশহর সি-ব্লক ক্লাব’ এর সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৮ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করেন। এরা হলেন, যশোরের তফসিডাঙ্গার (পুলেরহাট) তসলিম উদ্দিন মিয়ার ছেলে বর্তমানে বিরামপুর কালীতলা এলাকার জনৈক মুকুলের বাড়ির ভাড়াটিয়া মোস্তফা ওরফে মুন্না (৩৪) ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গায়ঘাটা থানার চাঁদপাড়া বাজার এলাকার মৃত মোহন লাল দে’র ছেলে বর্তমানে বাংলাদেশের যশোরের শেখহাটি জামরুলতলা এলাকার জনৈক মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া প্রশান্ত দে (৩৯)।
সূত্র জানায়, গত শনিবার বেলা ২টার দিকে শার্শা থানার এসআই আব্দুস সবুর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইকোলা এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ সাগর গাজী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তিনি। আটক সাগর গাজী উপজেলার রাঢ়ীপুকুর এলাকার আইয়ুবের ছেলে। একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা থানার এসআই মো. সলিমুল হক স্থানীয় চৌগাছা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে সাড়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হযরত আলী (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক মো. হযরত আলী উপজেলার পাশাপোল (মাঝেরপাড়া) গ্রামের মো.আনছার আলীর ছেলে। সূত্র আরও জানায়, একইদিন বিকেল ৫টার দিকে বেনাপোল পোর্ট থানার এসআই মো. রাশেদুজ্জামান রঘুনাথপুরের পূর্বপাড়ার ফুলছুদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মাসুম বিল্লাহ ওরফে আশিকের বাড়িতে অভিযান চালান। এ সময় তিনি তার বাড়ি থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন। তবে পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী মাসুম বিল্লাহ ওরফে আশিক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।