আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ার ৮০% সামরিক সম্পদ ধ্বংস করে দিয়েছে ইসরাইল

0

লোকসমাজ ডেস্ক।। সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা সিরিয়ায় কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে গত ৪৮ ঘণ্টায় ৪০০টিরও বেশি হামলা চালিয়েছে। রবিবার আসাদের ২৪ বছরের শাসনের আকস্মিক অবসান হওয়ার পর থেকে সিরিয়ার সীমান্তবর্তী ইসরাইল-অধিভুক্ত গোলান মালভূমির পূর্ব দিকে একটি বাফার জোনে সৈন্য পাঠিয়েছে নেতানিয়াহু সরকার এবং সিরিয়ার কৌশলগত সামরিক সম্পদের আনুমানিক ৭০-৮০% ধ্বংস করেছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, গত ৪৮ ঘন্টার মধ্যে, আইডিএফ (ইসরাইল প্রতিরক্ষা বাহিনী) সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদগুলিতে আঘাত করেছে, সেগুলিকে সন্ত্রাসী উপাদানের হাতে পড়া থেকে বিরত রেখেছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সিরীয় নৌবাহিনীর দুটি স্থাপনা- আল-বায়দা বন্দর এবং লাতাকিয়া বন্দরে ১৫টি নৌযান। রাজধানী দামাস্কাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলিতে বিমান বিধ্বংসী ব্যাটারি এবং অস্ত্র উৎপাদনের স্থান। এছাড়াও ৮০-১৯০কিমি রেঞ্জের কয়েক ডজন সমুদ্র থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য বিস্ফোরক পেলোড বহন করে, যা এলাকার বেসামরিক এবং সামরিক সামুদ্রিক জাহাজের জন্য হুমকিস্বরূপ। স্কাড মিসাইল, ক্রুজ মিসাইল, সারফেস-টু-সি, সারফেস-টু-এয়ার এবং সারফেস-টু-সার্ফেস মিসাইল, ইউএভি, ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, রাডার, ট্যাঙ্ক, হ্যাঙ্গার এবং আরও অনেক কিছু ধ্বংস করেছে ইসরাইল। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বাশার আল-আসাদের পতন ছিল মধ্যপ্রাচ্যে একটি ঐতিহাসিক দিন এবং ইরানের অশুভ শক্তির পতন। তিনি বলেছেন যে, ‘ঘটনাগুলি আসাদের প্রধান সমর্থক ইরান এবং হিজবুল্লাহকে আমরা যে আঘাত দিয়েছি তার প্রত্যক্ষ ফলাফল’। আইডিএফ-এর বক্তব্য, আসাদহীন সিরিয়ায় নৌঘাঁটি, সেনাঘাঁটি-সহ অস্ত্রভাণ্ডারগুলি আল কায়দা, ইসলামিক স্টেট, তাহরির আল-শামের (এইচটিএস) মতো জঙ্গি সংগঠনগুলির হাতে পড়লে বিপদ হতে পারে ইসরাইলের। সেই কারণেই কৌশলগতভাবেই ধংসযজ্ঞ চালানো হচ্ছে।-সূত্র: এনডিটিভি