যশোরের লোহাপট্টিতে দোকানে হামলা ব্যবসায়ীকে মারধর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের লোহাপট্টির একটি দোকানে বৃহস্পতিবার হামলা চালিয়ে মালিককে মারধরসহ প্রতিষ্ঠানে ক্ষতিসাধন করেছে স্থানীয় একটি চক্র। স্থানীয় এক ব্যবসায়ীর মৃত্যুতে দোকান বন্ধ না রাখায় এই হামলা চালানো হয়। প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, শহরের ঝালাইপট্টির ব্যবসায়ী মহাসিন সরকারের মৃত্যুর কারণে বৃহস্পতিবার লোহাপট্টির সকল ব্যবসায়ীকে তাদের দোকান বন্ধ রাখার জন্য চাপ সৃষ্টি করেন নিউ ফাতেমা আয়রন স্টোরের মালিক মাসুদ পারভেজ। কিন্তু তার কথামতো দোকান বন্ধ না রাখায় বেলা ১১টার দিকে মাসুদ পারভেজের নেতৃত্বে কয়েকজন সহযোগী সালমা আয়রন স্টোরে হামলা চালান। এ সময় তারা দোকান মালিক ওমর ফারুককে মারধর করেন এবং মালামাল ছড়িয়ে ছিটিয়ে দেন। এক পর্যায়ে অন্য ব্যবসায়ীরা এগিয়ে গিয়ে ওমর ফারুককে রক্ষা করেন। এর পরপরই ক্ষুব্ধ ব্যবসায়ীরা হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। সালমা আয়রন স্টোরের মালিক ওমর ফারুক কোতয়ালি থানায় অভিযোগ করেন।
লিখিত অভিযোগে ওমর ফারুক উল্লেখ করেছেন, পূর্ব আক্রোশে ১০/১২ জন সহযোগী নিয়ে তার দোকানে হামলা চালান মাসুদ পারভেজ। তারা তাকে দোকান বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করলে তিনি অস্বীকৃতি জানান। এ কারণে তাকে মারধরসহ তার কাছে থাকা ১৫ হাজার ৩শ টাকা এবং ক্যাশবাক্সে থাকা ২৫ হাজার ৪৫০ টাকা নিয়ে নেন মাসুদ পারভেজ। স্থানীয় একটি সূত্র জানায়, মাসুদ পারভেজ আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী। আওয়ামী লীগের শাসন আমলে তিনি একই দলীয় স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের সাথে চলাফেরা করতেন। অনেক সময় ক্ষমতার দাপটও দেখাতেন। এ কারণে অনেকেই তার ওপর ক্ষিপ্ত ছিলেন। কিন্তু সরকার পরিবর্তনের পরও তিনি একইভাবে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যা ব্যবসায়ীদের অনেকেই তা মানেতে চাচ্ছেন না। তারা এখন তার বিরুদ্ধে একাট্টা হয়েছেন। তাকে আটকের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন ওই ব্যবসায়ীরা।