মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর হতাহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবতুলায় আলমসাধুর সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আশানুর রহমান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশানুর মহেশপুরের বাথানগাছি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ সময় হৃদয় (১৪) নামে আরেক কিশোর আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ছাত্র আশানুর তার চাচাতো একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে হৃদয় হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নওদা গ্রামের দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশানুর নিহত হয়। গুরুতর অবস্থায় চাচাতো ভাই হৃদয়কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ খবর নিশ্চিত করেছেন।