যশোর সীমান্তে মাদকসহ সোয়া ৭ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার, আটক নেই

0

স্টাফ রিপোর্টার॥ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-৪৯ যশোরে শার্শা সীমান্তের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্যসহ ৭ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে। বৃহস্পতিবার যশোরের শার্শা উপজেলার বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, শিকারপুর,শাহজাদপুর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে বলে প্রেরিত এক বার্তায় জানিয়েছে বিজিবি। তবে বিপুল পরিমাণ ওই সমস্ত মালামালের সাথে কেউ আটক হয়েছে কিনা তা ওই বার্তায় জানানো হয়নি।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী ওই বার্তায় জানান, আমড়াখালী চেকপোস্টের সামনে যাত্রীবাহী বাস তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লাখ ২৫ হাজার ৪শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চাদর এবং বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়। শিকারপুরে আমতলা নামক স্থানে গাড়ি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল জব্দ করা হয়। বেনাপোল পোর্ট থানা এলাকার নামাজ গ্রামে রাস্তার ওপর থেকে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৫৫ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। কাবিলপুর গ্রামের মাঠ থেকে ৯ হাজার ৬শ টাকা মূল্যের ২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বেনাপোল আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ২ লাখ ১৬ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় চাদর, পাতার বিড়ি, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। আমড়াখালী চেকপোস্টের সামনে বাস তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ১ লাখ ৫৬ হাজার ৪৫০ টাকার ভারতীয় ১৪৯টি পেন্সিল জব্দ করা হয়।