তদন্তে শ্যামনগর নকিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির সত্যতা মিলেছে

0

 

শ্যামনগর (সাতক্ষীরা)সংবাদদাতা॥ শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর আব্দুল মান্নান সরকারি বিধি লঙ্ঘন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে তদন্তে সত্যতা মিলেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের ও হাফিজুর রহমান খুলনা বিভাগীয় কমিশনার বরাবর গত ২৪ জুন তারিখে ২টি অভিযোগ দেন। গত ১ জুলাই ১৩২নং স্মারকে বিভাগীয় কমিশনার অফিসের হিসাব শিক্ষা শাখার সিনিয়র সহকারী কমিশনার এসএম মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা জেলা প্রশাসককে অভিযোগের ব্যাপারে তদন্ত করতে বলেন। জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্বাহী অফিসার গত ১৯ আগস্ট ১২৯৬ নং স্মারকে উপজেলা কৃষি অফিসারকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা গত ২১ অক্টোবর ৬২২নং স্মারকে অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিবেদন দেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, একটি সরকারি জমি প্রধান শিক্ষক তার নিজের নামে ইজারা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। টিফিন খাতের ভাউচারের সাথে জমা ও উত্তোলনের গরমিল লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে কোন ক্রয় কমিটি পাওয়া যায়নি।স্কুলের আয়ের বিভিন্ন খাত হতে কোন ভ্যাট-আইটি প্রদানের তথ্য পাওয়া যায়নি।স্কুলটি সরকারিকরণের পর হতে এখনো পর্যন্ত কোন অভ্যন্তরীণ নিরীক্ষা (অডিট) কার্যক্রম সম্পন্ন হয়নি। প্রধান শিক্ষক স্পষ্ট সরকারি বিধি লংঘন করে নিজ তথ্য গোপন করে চাকরি করছেন। এছাড়া তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ পাওয়া গেছে।
নকিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর আব্দুল মান্নান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক না। বলেন, আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।