ঢাকা রোড ডোমপট্টিতে পুলিশের অভিযান, ব্যবসায়ী নেতার অফিসে মাদক কারবারীদের হামলা

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ মাদক বিকিকিনির নিরাপদ ডেরা যশোর শহরের ঢাকা রোড তালতলা ডোমপট্টিতে গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পুলিশ আটক বা মাদকদ্রব্য উদ্ধার না করলেও ডোমপট্টির মাদক কারবারীরা যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদকের অফিস ভাঙচুর করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে টায়ার ব্যবসায়ীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঢাকা রোড তালতলা পৌর সুপার মার্কেটের পেছনের ডোমপট্টিতে অন্তত ২০ জন মাদক ব্যবসার সাথে জড়িত। প্রকাশ্যে রাস্তার ওপর দাঁড়িয়ে মাদক ব্যবসার কারণে স্থানীয় মসজিদের মুসল্লী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। এ কারণে গত ১৭ নভেম্বর যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতি ডোমপট্টির মাদক ব্যবসা বন্ধে পুলিশ সুপার ও পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এর প্রেক্ষিতে গতকাল শনিবার কোতয়ালি থানার পুলিশ ও ডিবি পুলিশ ডোমপট্টিতে অভিযান চালায়। পুলিশের সাথে ছিলেন যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম। অভিযান শেষে পুলিশ স্থান ত্যাগ করার পর ডোমপট্টির মাদক ব্যবসায়ীরা ঢাকা রোড তালতলায় সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের অফিসে হামলা চালিয়ে তার চেয়ার ভাঙচুর করে। এ সময় তারা মো.আশরাফুল ইসলামকে মারতে উদ্যত হয়। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ব্যবসায়ীরা একজোট হয়ে প্রতিরোধ করলে মাদক ব্যবসায়ীরা পিছু হটে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান জানান, ডোমপট্টি ও নিউমার্কেট ট্রাকস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে একজন গাজাসহ আটক হয়েছে।