কেশবপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে দু ব্যক্তির কাছ থেকে ৯ লাখ টাকা নিয়ে স্কুলে চাকরি দেওয়ার নামে ওই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খানের বিরুদ্ধে। ভুক্তভোগী মাহমুদুল হাসান ও আশরাফুল আলম মিঠু অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খানের কাছ দীর্ঘ ১৬ বছর ধরে টাকা উদ্ধার করতে ব্যর্থ হন। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ হলেও সিদ্ধান্ত তিনি মানছেন না বলে অভিযোগ করা হয়।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার আন্দোলনে পতনের পর ভুক্তভোগী মাহমুদুল হাসান ও আশরাফুল আলম মিঠু পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেনের কাছে বিষয়টি জানান। সাবেক এই চেয়ারম্যান দু পক্ষকে নিয়ে সালিশের আয়োজন করেন। সালিশে ভুক্তভোগী উভয়পক্ষের সম্মতিতে সাড়ে ৬লাখ টাকা নজরুল ইসলাম খান ফেরত দেবেন বলে সিদ্ধান্ত হয়। নজরুল ইসলাম খান সালিশের সিদ্ধান্ত মেনে তিন কিস্তিতে টাকা পরিশোধের দাবি জানালে সবাই তাতে একমত পোষণ করেন। কিন্তু পরবর্তীতে তিনি কোনরকম টাকা পরিশোধ না করে নানা অজুহাত দিয়ে চলেছেন।