অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রসংস্কার করা : রেজাউল করিম

0

খুলনা ব্যুরো ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রসংস্কার করা। যাতে আর কেউ কখনোই কোনো স্বৈরাচার হিসেবে জন্ম নিতে না পারে। আমরা লক্ষ্য করেছি যে ইতোমধ্যে সংস্কার কমিশন গঠিত হয়েছে। এখন এই কমিশনগুলোকে গতিশীল ও জনসম্পৃক্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সোমবার খুলনার ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে মহানগর ও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার দাবি জানিয়ে প্রধান অতিথি বলেন, কারণ রাজনৈতিক দলগুলোই দীর্ঘমেয়াদে জনমত ধারণ করেছে, আগামীতেও করবে। ফলে সক্রিয় রাজনৈতিক দল, উলামা শ্রেণি এবং বিভিন্ন পেশা ও স্তরের জনমানুষকে সম্পৃক্ত করতে হবে। সংস্কার নিয়ে ইতোমধ্যে মানুষের মধ্যে কানাঘুষা তৈরি হয়েছে। এই কানাঘুষা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, বিগত ১০০ দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের কারও কারও বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবার কারো ব্যাপারে বিপ্লবের তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেওও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে। এগুলো মানুষকে ক্ষুব্ধ করে। তিনি বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি। অতএব, পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি বিকৃত মানসিকতার সমাজ বিধ্বংসী নাটক-সিনেমা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করতে হবে। এটাই দেশবাসী প্রত্যাশা করে।
গণসমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। আরও বক্তব্য দেন, মহানগর সহসভাপতি শেখ নাসির উদ্দিন, মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হুসাইন প্রমুখ।