সুন্দরবনে আবরও মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ 

0
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা।। সুন্দরবন থেকে রিয়াজুল ইসলাম (৫৫) ও ফয়সাল হোসেন (২৮) নামে দুই জেলে অপহৃত হয়েছেন। তিন সদস্যের একটি বনদস্যু দল অস্ত্রের মুখে কাঁকড়া শিকারের নৌকা থেকে তাদেরকে তুলে নিয়ে যায়। রোববার রাতে ঘটনাটি ঘটে পুশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলী খালে। এদিকে সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এমনটি জানিয়েছে কর্মরত জেলেরা।
অপহৃত জেলেরা যথাক্রমে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়ল ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে। তবে ২৪ ঘন্টা পার হলেও অপহৃত দুই জেলের পরিবারের সাথে অপহরণকারীরা যোগাযোগ করেনি।
অপহরণের শিকার দুই জেলের স্বজনরা জানায় কদমতলা স্টেশন থেকে কাঁকড়া শিকারের অনুমতি নিয়ে আরও চার সহযোগীর সাথে শনিবার রিয়াজুল ও ফয়সাল বনে যায়।
রোববার রাতে চালতেবাড়িয়ার কেওড়াতলী খালে নৌকায় ঘুমন্ত অবস্থায় থাকার সময় অস্ত্রধারীরা এসে দুই নৌকা হতে দুইজনকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে মুক্তিপণ নিয়ে তাদের ফিরিয়ে দেয়া হবে বলেও অপহরণকারীরা জানায়। জিম্মি দু’জনের ক্ষতির সম্ভবনা থেকে তারা থানা পুলিশ ও বনবিভাগকে বিষয়টি জানায়নি বলেও তাদের দাবি।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেড হাসানুর রহমান জানান জেলে অপহরণের বিষয়ে তাদেরকে কেউ কোন তথ্য দেয়নি। অধিকাংশ সময় জিম্মি স্বজনদের নিরাপত্তার কথা ভেবে বিষয়টি নিজেরা সমাধান করে থাকে বলে জানা গেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমাযুন কবীর জানান এধরনের কোন অভিযোগ থানা পুলিশকে কেউ জানায়নি। তবে বিষয়টি খোঁজ খবর নেয়া হবে।