যশোরে স্ত্রী নির্যাতনের অভিযোগে পুলিশ কনস্টেবলের নামে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন এবং পিত্রালয়ে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী সুমনা খাতুন সোমবার যশোর সদর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সঞ্জীব কুমার সরকার।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে। বর্তমানে তিনি মেহেরপুর পুলিশ লাইন্সে কর্মরত। অপরদিকে ভুক্তভোগী সুমনা খাতুন যশোর সদর উপজেলার শাখারিগাতি গ্রামের হাশেম আলীর মেয়ে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১ আগস্ট সুমনাকে পারিবারিকভাবে বিয়ে করেন সুমন। বিয়ের সময় সুমনের পরিবারের দাবি অনুযায়ী তাদেরকে সোনার গহনা, আসবাবপত্র ও সংসারের যাবতীয় মালামাল দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর সুমন তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এজন্য তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। বিষয়টি সুমনা তার পরিবারের লোকজনকে জানালে তারা সুমনকে ২ লাখ টাকা দেন। এই টাকা কিছুদিনের মধ্যে খরচ করে সুমন আবারও ৫ লাখ টাকার জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন শুরু করেন। সুমনা নির্যাতন সহ্য করে স্বামীর সংসার করে আসছিলেন। গত ৮ নভেম্বর সুমন তার স্ত্রীর কাছে যৌতুকের টাকা চেয়ে না পেয়ে তাকে মারধর করে দুই মেয়েসহ পিতার বাড়ি তাড়িয়ে দেন।