নারীকে প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুক প্রেমিকের সাথে বিদেশ যেয়ে বসবাস করার প্রলোভনে ১০ লাখ টাকা খুইয়েছেন এক নারী। প্রেমিকের প্রতারণা বুঝতে পেরে করেছেন পুলিশে অভিযোগ। অভিযুক্ত শুভ দে ওরফে রুবেলকে (৩১) গত রোববার চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে সহযোগীসহ আটক করেছে সিআইডি।
আটক শুভ দে ওরফে রুবেল চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার কামালপাড়া ফটিকা রমনী বাড়ি এলাকার ঝন্টু দে’র ছেলে। অপর আটকের নাম মনির হোসেন (২৭)। তিনি হাটহাজারী পৌর এলাকার আদর্শ পাড়ার নুর নবীর ছেলে।
সিআইডি সূত্রে জানা যায়, মাগুরার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে বর্তমানে যশোর শহরের বেজপাড়ার জনৈক আকাশ আহমেদের বাড়ির ভাড়াটিয়া ইসরাত ইয়াসমিনের (৩১) সাথে ফেসবুকের মাধ্যমে অজ্ঞাতনামা এক যুবকের পরিচয় হয়। এরপর থেকে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে দুই জনে কথা বলতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে এবং ওই যুবক ইসরাত ইয়াসমিনকে বিয়ে করার প্রলোভন দেখান। ইসরাত ইয়াসমিনকে বলা হয়, বিয়ের পর তাকে দুবাই নিয়ে ভালো চাকরি দেওয়া হবে এবং দুইজনে সেখানে বসবাস করবেন। এভাবে প্রলোভন দেখিয়ে পাসপোর্ট ভিসাসহ অন্যন্য কার্যক্রমের কথা বলে চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় মোট ৯ লাখ ৮৭ হাজার ৫শ’ টাকা হাতিয়ে নেন ওই যুবক। কিন্তু পরবর্তীতে ইসরাত ইয়াসমিন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে যুবকের কাছে টাকা ফেরত চান। এ সময় ওই যুবক তাকে হুমকি ধামকি দেওয়াসহ ফেসবুকে ইসরাত ইয়াসমিনের আইডি ব্লক করে দেন। এরপর ইসরাত ইয়াসমিন অজ্ঞাতনামা ওই যুবককে আসামি করে গত ৩০ সেপ্টেম্বর কোতয়ালি থানায় মামলা করেন। পরে মামলা তদন্তকালে জড়িত শুভ দে ওরফে রুবেল নামে ওই প্রতারককে শনাক্ত করেন তদন্ত কর্মকর্তা সিআইডি’র এসআই দেলোয়ার হোসেন। এরপর গত রোববার রাতে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন তদন্ত কর্মকর্তা। পরে তার স্বীকারোক্তিতে সহযোগী মনির হোসেনকে আটক করা হয়। সোমবার আটক দুই জনকে যশোরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।