খাজুরায় মাহবুর রহমান ফুটবলে শালিখাকে হারিয়ে সেমিফাইনালে কালীগঞ্জ

0

 

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়া উপজেলার খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মালয়েশিয়া প্রবাসী হাসিব ফুটবল একাদশ ও মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশ।
বুধবার বিকেল তিনটায় রেফারি ফেরদাউস হোসেনের বাঁশিতে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় খেলা। নির্ধারিত সময়ের ৮ মিনিটে কালীগঞ্জ দলের স্ট্রাইকার জয় গোল করে দলকে এগিয়ে নেন। শেষ সময় পর্যন্ত তুমুল আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোল না হলে জয় নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। আর পরাজয়কে সঙ্গী করে বিদায় নেয় শালিখার দল।
খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি। বিশেষ অতিথি ছিলেন, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ^াস, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ^াস। অতিথিরা বিজয়ী দলের রাব্বির হাতে ম্যান অফ দ্যা ম্যাচের প্রাইজমানি ও পুরস্কার তুলে দেন।
খেলার ধারাবিবরণীতে ছিলেন মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ ও ইফতেখার পিপুল। আগামী ১৯ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে মাগুরার শালিখা উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ও একতা স্পোর্টিং ক্লাব। যশোরের উত্তরে বড় এ ফুটবল আসরের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।