যশোর শহরে ছাত্রদল নেতা ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বারান্দিপাড়ায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ওসমান গনি পাপ্পু (২৪) ছুরিকাহত হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাতে বারান্দিপাড়া ফুলতলায় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পাপ্পু যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৮ম পর্বের ছাত্র এবং যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।
হাসপাতালে চিকিৎসাধীন পাপ্পু জানিয়েছেন, পূর্ববারান্দিপাড়া লিচুতলা জামে মসজিদের পাশে মোড়ল মিস্ত্রী নামে এক ব্যক্তির ভাঙড়ির গ্যারেজ রয়েছে। মসজিদের পাশের এ গ্যারেজটি সরানোর পক্ষে স্থানীয়রা। কিন্তু মোড়ল মিস্ত্রি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় এতদিন কেউ কিছু বলতে পারেননি। সম্প্রতি তার(পাপ্পুর) মামা শাহজাহান আলী গ্যারেজটি সরাতে বললে মোড়ল মিস্ত্রি তাকে মারতে যায়। সংবাদ পেয়ে ওসমান গনি পাপ্পু নিজে ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মোড়ল। তিনি তাকে দেখে নেয়ারও হুমকি দেন।
গত রোববার রাত সাড়ে নয়টার দিকে পাপ্পু বারান্দিপাড়া ফুলতলা মোড়ে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় মোড়ল মিস্ত্রি তার সহযোগী কুটিসহ ২০/২৫ জনের একদল অতর্কিত হামলা চালায় এবং বেদম প্রহার করে। এক পর্যায়ে ওসমান গনির মুখে ছুরিকাঘাত করলে করলে তিনি গুরুতর আহত হন। গভীর রাতে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারী সকলেই আওয়ামী লীগ সমার্থক ও সন্ত্রাসী বলে দাবি করেছেন ওসমান গনি।