মোংলায় পশুর নদীতে দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ, এক জেলে নিখোঁজ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় পশুর নদীর করমজল নামক স্থানে শুক্রবার রাতে এলপি গ্যাসবাহী বিদেশী জাহাজ এমভি এরা স্টারের সাথে কয়লাাবাহী কার্গো জাহাজ মিজানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আব্দুল হাকিম ওরফে লোকমান হাওলাদার (১৮) নামক এক জেলে নিখোঁজ রয়েছেন। সংঘর্ষে কয়লাবাহী কার্গো জাহাজ এমভি মিজানের ব্যাপক ক্ষতি হয়েছে। নিখোঁজ জেলের বাড়ি খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন লাউডোব গ্রামে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বন্দর চ্যানেলে হারবাড়িয়ায় অবস্থানরত কয়লা বোঝাই জাহাজ রয়েল ইমেজ থেকে ৫ শতাধিক মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এমভি মিজান। যশোরের নওয়াপাড়া যাওয়ার পথে শুক্রবার রাত ১১ টার দিকে মোংলায় পশুর নদীর সুন্দরবন লাগোয়া করমজল নামক স্থানে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা এলপিজি খালাস শেষে মোংলা বন্দর ত্যাগকারী বিদেশি জাহাজ এমভি এরা স্টারের সাথে কার্গো জাহাজ মিজানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়লা বোঝাই কার্গো জাহাজটি দুমড়ে মুচড়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। সেখানে থাকা একটি মাছ ধরা নৌকাও ডুবে যায়। এসময় নৌকায় থাকা পাঁচজন জেলে ছিটকে পড়েন। চারজনকে উদ্ধার করা হয়। এক জেলে নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব গ্রামে। ঘটনাটি মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষণিক কোস্ট গার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গমন করে এবং উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলে উদ্ধারে কোস্টগার্ডের দুটি টহল টিমের অভিযান চলমান রয়েছে।
এদিকে গ্যাসের ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা বলেন, তাদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।