চৌগাছায় নিহত আনিসুর হত্যার ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় নিহত আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার মাগরিব বাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দাফন শেষে রাতেই নিহতের স্ত্রী সেলিনা বেগম ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।
ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় নিহত আনিসুর রহমানের লাশ জগন্নাথপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় তার বাড়িতে মানুষের ভিড় জমে। রাতে স্থানীয় মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
দাফন সম্পন্ন করে রাতেই হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
২৯ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার দিকে সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিহত আশরাফ হোসেন আশার ভাই আনিসুর রহমানকে নিজ বাড়ির কাছে জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ে একটি চায়ের দোকানের সামনে প্রতিপক্ষকরা পিটিয়ে মারাত্মক আহত করে। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎিসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।