যশোরে কারাতে প্রতিযোগিতার উদ্বোধনী গান নিয়ে আয়োজকদের ৫ জন ৭ ঘন্টা পুলিশ হেফাজতে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কারাতের একটি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত নৃত্যের গানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় জেলা প্রশাসকের নির্দেশে পাঁচ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের উপস্থিতিতে ৭ ঘণ্টা পর মুচলেকা নিয়ে থানা থেকে ওই ৫ জনকে ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার সকালে যশোর জিমনেসিয়ামে বাংলাদেশ কারাতে অর্গানাইজেশন নামে একটি সংগঠন ‘পঞ্চম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতার আয়োজন করে। দুই দিনব্যাপী প্রতিযোগিতার শুক্রবার ছিল উদ্বোধন। আয়োজিত প্রতিযোগিতার সহযোগিতায় ছিল যশোরের নারীভিত্তিক সংস্থা জয়তী সোসাইটি। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
যশোরের জেলা প্রশাসক বলেন, তারা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে দেশের, ভারতের, শ্রীলংকার ও নেপালের প্রতিযোগীরা ছিল। আমাকে উদ্বোধন করার জন্য ডেকেছে। উদ্বোধনের পর গানের সাথে একটা নাচ হচ্ছিল। গানে বর্তমান সরকার ব্যবস্থার বিপরীতে যায় এমন একটা নাম উচ্চারণ করা হয়। আমার কাছে মনে হয়েছে, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে এই ঘটনা ঘটানো হতে পারে। তাই সাথে সাথে পাঁচজনকে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করবে, আসলে তাদের কি লক্ষ্য বা উদ্দেশ্য ছিলো।
পুলিশ হেফাজতে নেওয়া পাঁচ জন হচ্ছেন, বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জয়তী সোসাইটি যশোরের নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, সাংস্কৃতিক সংগঠন রওশন আরা রাসু ও বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগের সদস্য সচিব স্থানীয় দৈনিক স্পন্দনের ফটো সাংবাদিক ইমরান হাসান টুটুল। অর্চনা বিশ^াস ২০২১ সালে রোকেয়া পদকে ভূষিত হন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, উদ্বোধনকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোরের থিম সং হিসেবে পরিচিত ‘খেজুর গুড়ের ফুলের মেলা, নকশি কাঁথার যশোর জেলা’ গানের সাথে সাংস্কৃতিক সংগঠন শেঁকড় যশোরের শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করছিল। বিগত সরকারের সময় রচিত গানটিতে তাদের উন্নয়ন কর্মকা-ের বর্ণনা রয়েছে। সেই বর্ণনায় রয়েছে ‘শেখ হাসিনা আইটি পার্কের কথা। শেখ হাসিনা নামটি শোনার সাথে সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় আমরা ভুল বুঝতে পেরে বারবার দুঃখ প্রকাশ করি। কিন্তু জেলা প্রশাসক পুলিশকে নির্দেশ দেন আমাদের থানায় নেওয়ার জন্য। দুপুর প্রায় ১টার দিকে আমাদের থানায় আনা হয়।
জয়তী সোসাইটি অর্চনা বিশ^াস বলেন, অনুষ্ঠান থেকে আমি একটু আগে বের হই। পরে আমাকে থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে।
শেঁকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু বলেন, কারাতে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়। আয়োজকরা বলেন, যশোরের ব্র্যান্ডিং থিম সংয়ের সাথে নৃত্য পরিবেশনের জন্য। আমি সেই অনুযায়ী আমার সংগঠনের শিশু শিল্পীদের দিয়ে নৃত্য পরিবেশন করাই। কিন্তু বিষয়টি এমন হবে বুঝতে পারিনি।
ফটো সাংবাদিক ইমরান হাসান টুটুল রাতে জানান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের উপস্থিতিতে রাত ৮টার দিকে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
গত ৫ আগস্টের পর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের নাম পরিবর্তন করে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক নামকরণের কথা জানতেন না বলে জানান আটক ৫ জন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশে পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো অভিযোগ ও মামলা দেয়নি কেউ। ডিসি স্যার সিদ্ধান্ত না দিলে পরবর্তী আইনাননুগ পদক্ষেপে যাওয়া যাচ্ছে না।’
রাতে প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন জানান, জেলা প্রশাসককে বুঝানো গেছে তারা নিরপরাধভাবে এই ভুলটা করেছেন। এরপর তার নির্দেশে মুচলেকা নিয়ে তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।