অভয়নগরে বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতা-কর্মীরা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় মতবিনিময় অনুষ্ঠানসহ চলছে উঠান বৈঠক। আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে প্রার্থীরা ছুঁটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
নির্বাচনে সভাপতি পদে অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান একমাত্র প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু ও অপর যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদকের দুটি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এফ এম গিয়াস উদ্দিন, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ ও নওয়াপাড়া পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন খান।
জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার অভয়নগর থানা বিএনপির সম্মেলন যশোর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত ৮টি ইউনিয়নের ৫৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।