মনিরামপুরে আত্মগোপনে থাকা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুর পৌর শহরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডলের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে স্কুল চত্বরে অবস্থান ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা।
জানা যায়, মনিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন ২০ জন শিক্ষক। এদের মধ্যে সর্বকনিষ্ঠ শিক্ষক ছিলেন কৃষি শিক্ষক কুমার বিশ^জিৎ মন্ডল। ২০১৭ সালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হন সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন লাভলুর ভাই শ্রমিক লীগ নেতা বাবুল করিম বাবলু।
অভিযোগ রয়েছে, যোগ্য জ্যেষ্ঠ শিক্ষকদের টপকিয়ে কৃষি শিক্ষক কুমার বিশ^জিৎ ম-লকে ১৮ লাখ টাকার বিনিময়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। এ ছাড়া অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক কুমার বিশ^জিৎ দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানাবিধ অনিয়ম করে চলেছেন।
গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর প্রধান শিক্ষক কুমার বিশ^জিৎ বিদ্যালয় ছেড়ে আত্মগোপনে চলে যান। ফলে শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হয়। আইয়ুব হেসেন নামে এক অভিভাবক সদস্য অভিযোগ করেন, প্রধান শিক্ষকের ষড়যন্ত্রের কারণে বিগত ছয় মাস কোনো কমিটি গঠন করা সম্ভব হয়নি। সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, প্রধান শিক্ষক আত্মগোপনে চলে যাওয়ায় প্রতিষ্ঠানের কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে।
তবে প্রধান শিক্ষকের দাবি তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে ছুটি নিয়েছেন। এদিকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সোমবার থেকে ক্লাশ বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে, প্রধান শিক্ষককে ছুটি দেওয়া হয়নি উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।