সুন্দরবনে জেলে অপহৃত

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে নদীতে মাছ ধরার সময় মুক্তিপণ দাবিতে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাহিনীর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের দারগাং সংলগ্ন ছেড়া নদীতে মাছ ধরার সময় অস্ত্রধারী বনদস্যু বাহিনী তাকে অপহরণ করে। এ সময় অপহৃত জেলের অপর তিন সঙ্গী উপজেলার টেংরাখালী গ্রামের রেজাউল, সুলতান ও মোকছেদকে ছেড়ে দেয় বনদস্যু বাহিনীর সদস্যরা।
অপহৃত জেলে হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে শফিকুল গাজী (৪৫)।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে হাজি আব্দুর রহমান জানান, সোমবার জেলেরা মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করে। এক পর্যায়ে মঙ্গলবার রাতে অস্ত্রধারী বনদস্যুরা ছেড়া নদীতে অতর্কিত হামলা চালিয়ে সফিকুলকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘদিন সুন্দরবন বনদস্যু মুক্ত ছিল। নতুন করে জেলে অপহরণের ঘটনায় সুন্দরবন নির্ভরশীল বনজীবীদের মধ্যে আবারও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বনদস্যু বাহিনীর নাম পরিচয় ও মুক্তিপণের কত টাকার দিতে হবে তা জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার হাবিবুল ইসলাম বলেন, জেলে অপহরণের ঘটনা শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।