চৌগাছায় গরু চুরি বেড়েছে

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় বেড়েই চলেছে কৃষকের গরু চুরি। চোরেরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ফলে হালের গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় প্রতিরাতেই গরু চুরির ঘটনা ঘটছে। শনিবার ভোরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বহিলাপোতা গ্রামের আনিছুর রহমানের ৩টি গাভি চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার বর্তমান বাজার মূল্য ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা। চোরেরা একটি দুধের গাভীর ১টি ছোট্ট বাছুর রেখে গেছে। যে গাভিটি ৬/৭ কেজি দুধ দিতো।
গাভিগুলোর মালিক আনিছুর রহমান জানান, তার কোনো আবাদি জমি নেই। গাভি পালন ও দুধ বিক্রি করেই চলে তার সংসার। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমি গাভিগুলোকে খাবার দিয়ে ঘুমিয়েছি। সারাদিন কাজ করে ক্লান্ত থাকায় ঘুমিয়ে গিয়েছিলাম। শনিবার ভোরের দিকে কখন চুরি হয়ে গেছে বুঝতে পারিনি। চোরেরা একটি ছোট্ট বাছুর রেখে গেছে। গরুটি ৬/৭ কেজি দুধ দিতো। তিনি আরও বলেন, তার বাড়ির ছাগল দুটিও নেওয়ার জন্যে রশি খুলেছিলো। তবে সে দুটি নিতে পারেনি। এখনও এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেননি বলে জানান তিনি। বিভিন্ন অঞ্চল ও বাজারে খুঁজে বেড়াচ্ছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি তার চুরি হওয়া গাভি উদ্ধারে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর অনুরোধ করেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে গ্রামটিতে গরু -ছাগল চুরি বেড়ে গেছে। গ্রামের শেষ ও পাশের গ্রাম খড়িঞ্চা বাঁওড়ের ধার দিয়ে পাকা রাস্তা। গ্রামের লোকজনের ধারনা চোরেরা গরু ছাগল চুরি করে ওই রাস্তা দিয়ে গাড়িতে করে নিয়ে পালাচ্ছে বলে কেউ বুঝতেও পারছেন না।
এদিকে ২০ মে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মহিদুল ইসলামের বাড়িতে হানা দিয়ে ৩টি গাভি ও ১টি ষাঁড় চুরি করে নিয়ে যায় চোরেরা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
বুধবার (৮ মে) দিবাগত গভীর রাতে চৌগাছা পৌরসভার হুদোপাড়ার মহিউদ্দিনের ছেলে বিপুল হোসেনের নতুন গোয়াল ঘরে গরু তোলার প্রথম রাতেই চারটি গরু চুরি করে চোরেরা। বিপুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির একটি কাঁচা গোয়াল ঘরে গরু পালন করে আসছেন। নতুন গোয়াল থেকে তার একটি গাভি ও একটি বাছুর, একটি উন্নত জাতের বকনা ও একটি এঁড়ে গরু নিয়ে যায় চোরেরা। আমি এ ঘটনার পরে পথের ফকির হয়ে গেছি। তিনি বলেন, গরুগুলোর আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
১৪ জানুয়ারি রাতে চোরেরা শহরের তার্নিবাস গ্রামের বাসিন্দা উপাধ্যাক্ষ ড. আলাউদ্দীনের বাড়ি থেকে একটি ফ্রিজিয়ান জাতের লাল গাভি ও বাছুর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরও করেন তিনি। ড. আলাউদ্দীন জানান, রাতে ঘুমাতে যাওয়ার সময় গরুর খাবার দিয়ে ও গোয়াল ঘরের দরজায় তালা মেরে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে তিনটার দিকে গরুর খাবার দিতে গিয়ে দেখি গোয়াল ঘরে গরু নেই। চোরেরা গোয়ালের দরজার তালা ভেঙে গরু ও গরুর বাছুর চুরি করে নিয়ে গেছে। প্রতিরাতেই কোন না কোন গ্রামে চুরির ঘটনা ঘটছে। ফলে গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা।