বেনাপোলে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দৃর্বৃত্তরা

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃওরা। শুক্রবার রাত দশটার দিকে তার এক বন্ধুকে নিয়ে রিকশায় করে রঘুনাথপুর সড়কে ঘুরতে যান তিনি। তখন আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা ধারালো চাপাতি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করে।
রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, রাত দশটার দিকে রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়কে তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পেচরবাঁওড় এলাকায় পৌঁছুলে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কেন তাকে কুপিয়ে জখম করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান চলছে।