যশোরে নারী ও শিশুদের মারধরের ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাঠিতে একই পরিবারের নারী ও শিশুদের মারধরে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই গ্রামের ফারুক বিশ্বাসের ছেলে জসিম (৪১)। এই মামলায় পুলিশ আবু সাঈদ (৩৬) নামে এক যুবককে আটক করেছে। তিনি একই গ্রামের রেজাউল সরদারের ছেলে।
মামলার অপর আসামিরা হলেন, সাঈদের স্ত্রী সাবিনা খাতুন (২৮), মৃত মোস্তফা বিশ্বাসের স্ত্রী চাহিনুর বেগম (৪৮) ও জাহিদ হোসেনের স্ত্রী জিনিয়া (২৩)।
এজাহারে জসিম উল্লেখ করেছেন, আসামিরা তাদের প্রতিবেশী। গত ৫ জুন দুপুরে তার স্ত্রী নাছিমা খাতুন (৩৫) রান্নাঘরে রান্না করছিলেন। সে সময় আসামি চাহিনুর ও জিনিয়া খাতুন বাড়ির মধ্যে ঢুকে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে তার স্ত্রীকে গালিগালাজ করে চলে যান। কিছু সময় পর ফের আসামিরা বাড়ির মধ্যে ঢোকেন ও তার স্ত্রীকে মারধর করে। এতে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার ছোট ভাইয়ের স্ত্রী লাকি (২৬) এগিয়ে গেলে তাকেও মারধরে জখম করা হয়। সে সময় তার মা, পিতা ও মেয়ে এগিয়ে এলে তাদেরকেও লাঠিসোটা ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যান। পরে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জসিম হোসেন শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে বাড়ি থেকে আবু সাঈদকে আটক করেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।