ভারতে গিয়ে আনোয়ারুল আজিম এমপির যোগাযোগ বিচ্ছিন্ন,পরিবার উদ্বিগ্ন

0

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে তার পরিবারের সদসরা উদ্বিগ্ন। গত তিনদিন ধরে এমপির সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ। তিনি শনিবার রাত সাড়ে ৯টার দিকে জানান, গত শনিবার (১১ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু তিনদিন ধরে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন। তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে বলে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে যদি ঘটনা সত্য হয় তবে খুবই উদ্বেগ ও দুঃখজনক ব্যাপার। তিনি দল ও সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলেও জানান। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করিম মিন্টু বলেন, বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছেন। তিনি এ ব্যাপারে খোঁজখবর নিয়ে জানাবেন বলেও জানান। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপি সাহেবের নিখোঁজ থাকা এমন একটি খবর লোকমুখে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।