নড়াইলে বেড়া দিয়ে বসতবাড়ি অবরুদ্ধ করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে খুন করার হুমকি দিয়ে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামের জনৈক নজরুল ইসলামের বসতবাড়ি বেড়া দিয়ে ঘিরে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
নড়াইল থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, চারিখাদা মৌজার ২০ শতক জমিতে নজরুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। ওই বসতবাড়ির জমি জোর করে দখল নিতে অপতৎপরতা শুরু করে প্রতিপক্ষ লোকজন। গত ২৮মার্চ প্রতিপক্ষ গ্রুপের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঠা নিয়ে নজরুল ইসলামের বসতবাড়িতে হামলা চালায়। তারা বাড়ি ঢুকে নজরুল ইসলামের ছেলে বাশিরুল ইসলামকে বেধড়ক মারধর করে। এ সময় বসতবাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নষ্ট করে।
এ নিয়ে বাড়াবাড়ি করলে ভবিষ্যতে পরিবারের সদস্যদের খুন করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। ঘটনা উল্লেখ করে গ্রামের হাসান মোল্যা,মঞ্জুর মোল্যা, গোলাম আজম, গোলাম রসুলসহ ১২জনকে আসামি করে গত ১৫এপ্রিল নড়াইল সদর আদালতে মামলা দায়ের করেন বাশিরুল। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায়ও অভিযোগ দায়ের করা হয়। বাশিরুল জানান,প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে ক্ষ্যান্ত হয়নি। তারা জোর করে বাঁশের বেড়া দিয়ে আমাদের বসতবাড়ি ঘিরে দিয়েছে।
প্রতিপক্ষের হাসান মোল্যাসহ অন্যরা অভিযোগ অস্বীকার করে বলেন,ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। বসতবাড়ি ঘেরা কিংবা হামলার ঘটনার সঙ্গে তারা জড়িত নন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।