মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

0

 

লোকসমাজ ডেস্ক ॥ মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে । নিহত ডালিম (৩৫) নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। অভিযোগ উঠেছে একই আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। ক্যাম্পে অবস্থানের সময় কাঁচি প্রতীকের সমর্থক সোহাগ ও শিপন নামের দুই ব্যক্তির নেতৃত্বে ১০ জনের একটি দল হঠাৎ নৌকার ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। এতে ডালিম (৩৫) নামের নৌকার এক সমর্থক গুলিবিদ্ধ হয়। এ সময় সোহেল (৩২) নামের আরেক সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরের স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের রাতেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে গুলিবিদ্ধ ডালিমের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

( সূত্র: চ্যানেল ২৪)