যশোরে চাঁদা না পেয়ে দোকান ভাঙচুর মারধর ও লুটপাটের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ জেলা রোড বেলতলায় চাঁদার পাঁচ লাখ টাকা না পেয়ে রাফিদ স্যানিটারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরকারি দলের ছত্রছায়ায় থাকা স্থানীয় একটি সন্ত্রাসী চক্র এই হামলা ও চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত বলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হায়দার আলী অভিযোগ করেছেন।
এ বিষয়ে শহরের ঘোপ বউবাজার এলাকার জুয়েল হোসেন, আইয়ুব হোসেন, আরিফ হোসেন,শাহাদৎ হোসেনসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে শনিবার যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন হায়দার আলী। গত ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে থানায় করা অভিযোগ থেকে জানা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শহরের ঘোপ বউবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে যুবলীগ কর্মী জুয়েলের নেতৃত্বে কয়েক জন দোকানে এসে ৫ লাখ টাকা চাঁদা চান। এ নিয়ে দোকানের ম্যানেজারের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ম্যানেজারসহ অন্যান্য কর্মচারীদের ওপর হামলা শুরু করে। ফুটেজে আরও দেখা যায় হামলার এক পর্যায়ে তারা দোকানের বিভিন্ন অংশ ভাঙচুর করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হায়দার আলী বলেন, ওইদিন আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে আকষ্মিক ভাবে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী জুয়েল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার দোকানে ভাঙচুর, চাঁদাবাজি ও আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় আমার দোকানের ওপর হামলা করে এবং আমাকে মারধর করে। পরে জিম্মি করে দোকানের ক্যাশ থেকে ৫০ হাজার টাকা ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। বাকি টাকা দুই একদিনের মধ্যে দেওয়ার কথা বলে তারা চলে যায়। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার পর তিনি চরম আতঙ্কের মধ্যে থানা পুলিশের শরাণাপন্ন হন।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনের তদন্ত করে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।