খুলনায় সুজনের বিভাগীয় কর্মশালা সরকার সাজানো নির্বাচনের দিকে এগুচ্ছে : বদিউল আলম

0

খুলনা ব্যুরো॥ সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয় সে জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার বিকল্প নেই।
রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে আয়োজিত খুলনা বিভাগীয় কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শনিবার খুলনার আভা সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সরকার সামনে সাজানো নির্বাচনের দিকে এগুচ্ছে। এতে দেশ সহিংসতার দিকে ধাবিত হবে। দেশের কেউই নিরাপদ নয়। এ থেকে বাঁচতে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। দেশ স্বাধীনের গত ৫২ বছরেও এ সমস্যার সমাধান করতে পারেনি কেউ। মত প্রকাশের স্বাধীনতা অনেক গুরুত্বপূর্ন বিষয়। কিন্তু এ দেশে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে।’
ড. বদিউল আলম মজুমদার, ‘সব দলের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হোক এটাই সবার চাওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুকূলে নেই। এ পরিস্থিতি থেকে বাঁচতে হলে সবাইকে এক টেবিলে বসতে হবে। কিন্তু দেশের বৃহৎ রাজনৈতিক দু’দলের এমন মনোভাব নেই। এতে করে দেশে সংকট ও সহিংসতা আরও বাড়বে। সমস্যা সমাধানে কর্মশালায় ১৫ দফা সুপারিশমালা পেশ করা হয়। কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অতিথি ছিলেন সুজন বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জাফর ইমাম, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিএনপির মহানগর কমিটির সাবেক নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, বাসদ নেতা জনার্ন্দন দত্ত নান্টু, জেএসডি জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ফ. ম মুহসীন, বাংলাদেশ জাসদ নেতা রফিকুল হক খোকন ও নারী নেত্রী তাজিমা মজুমদার।