রামপালে অপহরণের পর কিশোরীকে ধর্ষণ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জিরোপয়েন্ট ও ফয়লা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে ওইদিন রাতেই নির্যাতনের শিকার ওই কিশোরীর মামা শেখ শরিফুল ইসলাম তিন যুবকের নামে ধর্ষণ মামলা করেন। আসামিরা হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে রহমত শেখ (২০), একই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে শেখ রাসেল (২৪) ও কালেখারবেড় গ্রামের আজমল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৬)।
পু্লশি জানায়, খুলনা-মোংলা মহাসড়কের মিরাখালীর জনৈক গৌতম পালের মাছের ঘের এলাকা থেকে রহমত ও শেখ রাসেল ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে ঘেরের বাসায় নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে।
মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ৯ম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়। শারীরিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে না গিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সন্ধ্যার আগমুহূর্তে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় এলাকা থেকে রহমত ও শেখ রাসেল ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে রামপাল উপজেলার বড় দুর্গাপুর পুটিমারি এলাকার পলাশের ঘেরের টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজল এবং অপহরণকারী রহমত ও শেখ রাসেল মিলে ধর্ষণ করে। রাত ৭টার দিকে মহেন্দ্রযোগে ভিকটিমকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। আসামিরা সকলে ছাত্রলীগের সাবেক সদস্য বলে জানা গেছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা মামলা দায়ের করেছেন। তিন আসামির মধ্যে আমরা দুজনকে গ্রেফতার করেছি। অন্য আসামিকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।