ঝিনাইদহে ডেঙ্গুর বিস্তার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে এই রোগের বিস্তার ঘটছে শহর থেকে গ্রাম পর্যন্ত। ঝিনাইদহ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বেশির ভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে ঝিনাইদহে আসছেন বলে তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ জুলাই) পর্যন্ত ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ উঠেছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না।
ডেঙ্গু রোগী জেসমিন আরা জানান, আমি নিজ বাড়ি থেকে আক্রান্ত হয়েছি। তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। কিন্তু মশারি টাঙ্গাতে পারছি না। শৈলকুপা থেকে আসা ডেঙ্গু রোগী শিহাবের স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন ও ফ্যান নষ্ট। বিকেল বা রাতে প্যাথলজিস্ট না থাকায় দ্বিগুণ টাকা খরচ করে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। যা আমাদের জন্যে কষ্টসাধ্য।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে শৈলকুপায় ৩ জন, কালীগঞ্জে ৩ জন, হরিণাকুন্ডুতে ১জন, কোটচাঁদপুর ২জন ও মহেশপুরে ২জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এই হিসেবে সারা জেলায় ২২ জন ডেঙ্গু রোগী রয়েছেন।
ঝিনাইদহ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, গত সপ্তাহে এখানে ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১১ জন রোগী ভর্তি আছেন। হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বেশিরভাগই ঢাকায় আক্রান্ত হয়েছেন। তবে জেলার বিভিন্ন এলাকাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ জানান, ডেঙ্গু লক্ষণে এখন অনেক পরিবর্তন এসেছে। তাই সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে।