ঝিকরগাছায় ২হাজার ৪শ’ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা

0

 

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় পাওনা টাকার জন্য আল আমিন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু ইমরান সরদারের বিরুদ্ধে। উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত ইমরান সরদারকে আটক করেছে।
রোববার (১৮ জুন) দুপুরে ঝিকরগাছা থানায় এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আল আমিন ও ইমরান সরদার বন্ধু। তারা এক সাথে চলাচল করেন। আড়াই মাস আগে আল আমিন ইমরানের কাছ থেকে দুই হাজার চারশ’ টাকা ধার নেন। শনিবার রাতে তারা শিওরদাহ গ্রামের এসএম সরদারের নির্মিয়মান বাড়ি ছাদে অবস্থান করছিল। সেখানে ইমরান আল আমিনের কাছে পাওনা টাকা চাইলে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় ইমরান ওই ছাদে আল আমিনকে লোহার রড় দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। রোববার সকালে ওই ভবনের পশ্চিম পাশে আল আমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আল আমিনের। অভিযোগ পেয়ে পুলিশ ইমরানকে তার বাড়ি থেকে আটক করে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, সকাল পৌনে আটটায় আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত আল আমিন শিওরদাহ গ্রামে মৃত মোসলেম সরদারের ঘর জামাই। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আজাদ হোসেনের ছেলে। এবং অভিযুক্ত ইমরান সরদার শিওরদাহ গ্রামের আজিজুর রহমানের ছেলে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, আল আমিন ও ইমরান মাদকাসক্ত।
এদিকে খবর পেয়ে রোববার সকালে সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমনভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।