বাগেরহাটে আ. লীগ নেতার বাড়িতে ডাকাতি মামলায় গ্রেফতার ৫

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালির বাড়িতে ডাকাতি মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ মে) গভীর রাতে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা ডাকাতির সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ডাকাতি করা ১টি সোনার চেইন, ১টি আংটি, ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিস্তল, ১ রাউন্ড গুলি, একটি রেঞ্জ ও একটি কাটার উদ্ধার করেছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার কেএম আরিফুল হক।
গ্রেফতাররা হলেন খুলনা শহরের গ্লাক্সোর মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল (২৬), বানগাতী-মেটেপোল এলাকার মৃত শহিদ গাজীর ছেলে কামাল গাজী (৩৫), নাজিরঘাট এলাকার জবেদ ওরফে খোকন আলী শেখের ছেলে সুমন ওরফে রানা শেখ (৪০) খুলনা জেলার রুপসা স্ট্যান্ড এলাকার মালেক গাজীর ছেলে আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী (২৫) ও বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার মৃত অমরীচন্দ্র স্বর্ণকারের ছেলে প্রদীপ কুমার স্বর্ণকার (৪০)। এদের মধ্যে সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল শেখ ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয় পুলিশের কাছে স্বীকার করেছেন।তার সাথে অন্য যারা ছিল তাদের নামও বলেছেন। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।