চৌগাছায় ইউপি সদস্যকে মাদক ব্যবসায় বাধা দেয়ায় জীবননাশের হুমকি

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় জীবনের নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সুখপুকুরিয়া ইউনিয়নের এক সদস্য। মাদক ব্যবসায় বাধা প্রদান করার কারণে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী তাকে জীবননাশের হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। শনিবার সকালে প্রেসক্লাব চৌগাছায় তিনি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য মহিদুল ইসলাম জানান, আমি নিরুপায় হয়ে আপনাদের সামনে এসেছি। ২০২১ সালের ইউপি নির্বাচনে সুখপুকুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে আমি নির্বাচিত হই। নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের পর পরাজিত প্রার্থী আক্তার হোসেন ও মোস্তাফিজুর রহমান মোস্ত তাদের পরাজয় মেনে নিতে না পেরে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আক্তার নিজেই এলাকায় চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার নামে ১ ডজন মামলা রয়েছে। যেটা বিজিবি, পুলিশসহ সকলেই জানেন। মাদক ব্যবসার কারণে আইনশৃংখলা বাহিনী তাকে কয়েকবার গ্রেফতার করে। তিনি বলেন, আক্তার হোসেন এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত। গ্রামের মানুষকে সাথে নিয়ে আমি মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছি। যার কারণে আমাকে নিয়ে বিভিন্ন মিথ্যে প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, ইতোপূর্বে আক্তার হোসেন আমাকে হত্যার চেষ্টা চালায়। উপজেলার খড়িঞ্চা মাঠে জোরপূর্বক অপহরণ করে ব্যাপক মারপিট করে মৃত্যু নিশ্চিত জেনে ফেলে রেখে চলে যায়। আমি চিকিৎসা নিয়ে একটু সুস্থ আছি। হত্যাচেষ্টার ঘটনায় চৌগাছা থানায় আমি বাদী হয়ে মামলা করি এবং বর্তমানে মামলাটি জেলা জজ কোর্টে চলমান রয়েছে। এই মামলার ৪ নম্বর আসামি হচ্ছে আক্তার হোসেন।
তিনি আরো বলেন, নির্বাচিত হওয়ার পর এখনো বয়স্কভাতা, বিধবাভাতাসহ সরকারি কোনো ভাতার দায়িত্ব আমার কাছে আসেনি। অথচ তারা বিভিন্ন অনুদান আত্মসাতের অপপ্রচার চালাচ্ছেন। আমি মাদক ব্যবসার প্রতিবাদ করে যাচ্ছি। অবৈধ কর্মকান্ডের প্রতিবাদ করছি। একই সাথে ইউপি নির্বাচনে মাদক ব্যবসায়ীর পরিবর্তে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। সে কারণেই আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যে মনগড়া তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।