চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ডিভাইন গ্রুপের নির্মাণাধীন দশতলা হাসপাতাল ভবন থেকে পড়ে সোহান হোসেন (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। ১ এপ্রিল শুক্রবার বিকেল এই দূর্ঘটনাটি ঘটেছে চৌগাছা-যশোর সড়কের সদর চৌগাছা ইউনিয়নের কয়ারপাড়া এলাকায়। নিহত সোহান হোসেন পাবনা জেলার সোজানগর উপজেলার চিনেখরা গ্রামের আইন উদ্দীনের ছেলে। সহকর্মিরা জানিয়েছেন সে ১ এপ্রিল শুক্রবার সকালে বাড়ী থেকে এসে প্রথম কাজে যোগদান করেছিল। এ দুর্ঘটনার সাথে সাথে ডিভাইন গ্রুপের কর্মকর্তারা এলাকায় রেড এলার্ট জারি করেন। এ সময় নির্মাণাধীন ভবনের ভিতর থেকে কোনো শ্রমিককে বাহিরে এবং বাহির থেকে কাইকে ভিতরে যেতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিক পরিচয় দিলেও প্রবেশ করতে দেননি। ২০২১ সালের ৮ সেপ্টম্বর নির্মাণাধীন এই ভবন থেকে ইট মাথায় পড়ে উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের শাহাজানের ছেলে টিটো হোসেনের করুণ মৃত্যু হয়। সে সময় ডিভাইন কর্তৃপক্ষেরবিরুদ্ধে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টার অভিযোগ করেন নিহত টিটোর পরিবার। ডিভাইন গ্রুপের কর্মরত ওমর আলী গ্রুপের রডমিস্ত্রি সেলিম হোসেন বলেন, সোহান শুক্রবার দুপুরে টিপিনের পরআবারো নির্মাণাধীন ভবনে রডমিস্ত্রীর কাজে যোগ দেয়। এদিন বিকেলে দশ তলা থেকে পড়ে যায় সোহান। আহত সোহানকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ লাশটি হেফাজতে নিয়েছেন।