সাবেক ডিআইজি প্রিজন্স পার্থের মামলায় যুক্তিতর্ক ২৭ ডিসেম্বর

0

লোকসমাজ ডেস্ক॥ ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় সিলেটের সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়ে আগামী ২৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২০ ডিসেম্বর ধার্য ছিল। কিন্তু এদিন ডিআইজি পার্থের আইনজীবী এহেসানুল হক সমাজী যুক্তিতর্ক উপস্থাপন পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ২৭ ডিসেম্বর ঠিক করেন। তবে এদিন ডিআইজি পার্থকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত ৫ জুন পার্থ গোপাল বণিককে জামিন দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন। ২ সেপ্টেম্বর পার্থ বণিকের জামিন বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সেই আদেশ অনুযায়ী ১৯ সেপ্টেম্বর পার্থ গোপাল বণিক বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করেন। এদিকে মামলাটি সংশ্লিষ্ট আদালত থেকে বদলি করে বিশেষ জজ আদালত-৪ এ পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই সকাল থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানো হয়। গত বছর ২৪ আগস্ট একই কর্মকর্তা ডিআইজি পার্থের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। এরপর গত ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। পার্থ গোপাল বণিক ২০১৬ সালের ৮ আগস্ট চট্টগ্রামের ডিআইজি হিসেবে যোগ দিয়েছিলেন।