লোকসমাজ ডেস্ক॥ জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শনিবার সকাল ৯টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৬ বছর। খবরটি নিশ্চিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি- ২ খন্দকার দেলোয়ার জালালি। ৬ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন বাবলু। কয়েকদিন আগে শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। এর আগে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিন তিনি সিলেটে অবস্থান করেন। ঢাকায় ফেরার পর তার করোনা ধরা পড়ে।
এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু।
ডাকসুর সাবেক এই জিএস দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন।
জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দলের মহাসচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক শোকবার্তায় প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। এদিকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’





