নানা বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা ধানসাগর ইউনিয়নের সাভারের পাড় গ্রামের মিন্টু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সোহান (৮) ও মাহিম (৮) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পিরোজপুরের বালিপাড়া থেকে এনামুল হাওলাদারের ছেলে মাহিম তার মা ও দাদির সঙ্গে নানা সৈয়দ হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। অপরদিকে একই সময় ইদ্রিস আলীর ছেলে সোহান তার মায়ের সঙ্গে ঢাকা থেকে দাদা মিন্টু হাওলাদারের পাশাপাশি বাড়ি বেড়াতে আসে। তারা সম্পর্কে আত্মীয় হওয়ায় সমবয়সী দুই শিশু সোহান ও মাহিম শুক্রবার মিন্টু হাওলাদারের বাড়িতে খেলা করছিল। ওই দিন দুপুর একটা থেকেই তারা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর বিকেল তিনটার দিকে তাদেরকে মিন্টুর বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভাগ