শরণখোলা সংবাদদাতা॥ সুন্দরবনের দুবলা এলাকার সাগরসহ নদ-নদীতে অবৈধভাবে ইলিশ আহরণের অভিযোগে ৪ টি ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়। আটক জেলেরা পিরোজপুর জেলার ইন্দুরকানী এলাকার বাসিন্দা। পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সাগরের দুবলা ও মেহের আলীর চর এলাকায় অভিযান চালিয়ে মায়ের দোয়া, মামা-ভাগ্নে, এমবি তাহিরা-১ ও মালিক মোশারেফ হোসেনের একটিসহ মোট ৪ টি ট্রলার আটক করে। এ সময় ৪টি ট্রলারে থাকা ৪৪ জন জেলেকেও আটক করা হয়। আটককৃত জেলেরা মাছ ধরার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।




