লোকসমাজ ডেস্ক॥ আওয়ামী লীগ জনগণের নির্যাতনকারী, শোষণকারী দলে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা দেশের মানুষের আশা-আকাঙক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। তাই আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কয়েকজন ব্যক্তি ও আমলার সঙ্গে যোগসাজশ করে সমগ্র দেশকে শোষণ করছে বলে দাবি করেন মির্জা ফখরুল। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন রাজনৈতিক স্থবিরতার পর সমমনা দলের সঙ্গে আলোচনা করে আবারও এ সরকারকে হটানোর আন্দোলনের ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। খালেদার জিয়ার স্থায়ী মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দাবি করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, তাকে (খালেদা জিয়া) রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। তালেবান সরকার ইস্যুতে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ এটা আমরা সমর্থন করি না। যে সরকারই আসুক সেই দেশের জনগণের অধিকার মূল্যায়ন কবে এমনটাই আশা প্রকাশ করেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিন দিনের সাংগঠনিক সফর শেষে মির্জা ফখরুল বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করেন।




