বাঘারপাড়ায় ইজিবাইক চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার ॥ ইজিবাইক চুরি করে পালানোর সময় টিপু হাওলাদার (৫৫) নামে এক চোরকে আটক করে জনতা গণধোলাই দেয়ার পর পুলিশের হাতে সোপর্দ করেছে। গত মঙ্গলবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার ভিটাবল্লা গ্রামে এ ঘটনা ঘটে। গণ ধোলাইয়ের শিকার ওই চোরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, টিপু হাওলাদার গত মঙ্গলবার রাতে বাঘারপাড়ার ভাঙ্গুড়া থেকে একটি ইজিবাইক চুরি করে পালাচ্ছিল। ভিটাবল্লা নামক স্থানে পৌঁছুলে জনগণ পেছন থেকে তাকে ধাওয়া করে এবং ইজিবাইকসহ ধরে গণধোলাই দেয়। গণপিটুনিতে তার হাত ও পা মারাত্মকভাবে জখম হয়। সংবাদ পেয়ে বাঘারপাড়া থানার এসআই সজল ঘটনাস্থলে পৌঁছুলে লোকজন চোর টিপু হাওলাদার ও চোরাই ইজিবাইক তার হাতে সোপর্দ করেন। তখন পুলিশ ইজিবাইকটি জব্দ করেন এবং টিপু হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় আটক করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। টিপু হাওলাদারের বাড়ি যশোর শহরের শংকরপুর এলাকায়। তার পূর্বের বাড়ি ছিল গোপালগঞ্জে।
তবে টিপু হাওলাদার জানিয়েছে, সে একা ছিল না। তার সাথে ছিল শহরের পালবাড়ী এলাকার মোহাম্মদ আলী, ভাঙ্গুড়া গ্রামের আনোয়ার। টিপু হাওলাদার বলছে, শহরের চৌরাস্তা মোড়ে তার ফলের ব্যবসা আছে। এদিন বিকেলে ভিটাবল্লা বাজারে তারা পাওনা টাকা আদায় করতে যায়। তখন বসিয়ে রেখে রাত ১১টার দিকে লোকজন নিয়ে তাকে মারপিট করে। এ সময় অন্যরা তাকে ফেলে পালিয়ে যায়। গণপিটুনিতে তার পা ও হাত ভেঙে গেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাঘারপাড়া থানার ওসি মো. ফিরোজউদ্দিন জানিয়েছেন, টিপু হাওলাদার একজন চোর। ভাঙ্গুড়া থেকে ইজিবাইক চুরি করে পালানোর সময় জনগণ তাকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

ভাগ