স্টাফ রিপোর্টার॥ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের শর্ত প্রত্যাহার করেছে স্বাস্থ্য বিভাগ। করোনাসৃষ্ট পরিস্থিতি অনুকূল বিবেচনায় দীর্ঘ চার মাস পর এই শর্ত তুলে নেয়া হলো। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। তবে, এখন থেকে ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী করোনা নেগেটিভ যাত্রীদের জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া ভারত ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রও লাগবে না। উভয় দেশে যাতায়াতের ক্ষেত্রে শুধু ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদপত্র প্রদর্শনের বিধান চালু থাকবে বলে চিঠিতে জানানো হয়েছে।
উল্লেখ্য করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় গত ২৬ এপ্রিল থেকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন চালু হয়েছিল। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারতফেরত যেসব যাত্রীর ৭২ ঘণ্টার আরটিপিসিআর করোনা নেগেটিভ সনদ থাকবে তারা সরাসরি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে চলে যাবেন। তবে যেসব যাত্রীর করোনা উপসর্গ আছে বা পজিটিভ তাদের অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। যশোর শার্শা উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাতিল এবং হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। তবে ভারত থেকে ফেরার আগে ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনুমতি লাগবে।





