সাতক্ষীরা সংবাদদাতা॥ চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৩৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ। হারানো ফোনসেট ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সোমবার (৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সবার হাতে এই ফোনসেট তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, আগস্ট মাসে আমরা ৩৭টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছি। পুলিশ অনেক কষ্ট করে বিভিন্ন জেলা থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করে ফোনসেটগুলো উদ্ধার করেছে। এ সময় তিনি ফোনসেট মালিকদের কাছ থেকে শুনতে চান কেউ এ ব্যাপারে কাউকে টাকাপয়সা দিয়েছেন কিনা। তখন সবাই এক বাক্যে জানান, তাদের কোন টাকা খরচ হয়নি। ফোনসেট ফিরে পাওয়ায় উপস্থিত সবাই পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





