অবশেষে প্রতিবন্ধকতার দেয়াল ভাঙলেন ইউএনও

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোড়েলগঞ্জের প্রত্যন্ত কিসমত জামুয়া গ্রাম। প্রবেশ মুখে দেয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছিলো এ গ্রামের এক কিলোমিটার ইট সলিং সড়ক। এরপর সে রাস্তার ওপরই শুরু করা হয়েছিলো ভবন তৈরির কাজ। রাস্তায় দেয়াল তুলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই উদ্যোগি হলেন। দেয়াল গুড়িয়ে দিয়ে দখলমুক্ত করলেন। ইউএনওর এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসি ও পথচারিরা।
এলাকাবাসি জানান, চলতি বছরের মার্চে প্রায় ৩০ বছরের পুরনো সরকারি সড়কের প্রবেশমুখে প্রথমে টিন দিয়ে বেড়া দেয় স্থানীয় আসমা ও তার সহযোগীরা। পরে ৪ সেপ্টেম্বর সকালে ওই রাস্তার ওপরই ভবন তৈরির কাজও শুরু করে। প্রতিবাদ করায় আপন বড় ভাইয়ের স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। দুই-হাত, মুখ এবং পিঠে মারাত্মক জখম নিয়ে ঐ নারী এখন হাসপাতালে চিকিৎসাধীন। মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর বিকেলে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক দেয়াল ভেঙে পাকা রাস্তাটি দখলমুক্ত করি। সরকারি সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা চলবে না। সরকারি ইট তুলে ফেলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি। এলাকাবাসির পক্ষে অভিযোগকারী আব্দুল খালেক বলেন, রাস্তাটি পাকা হয়েছে প্রায় ২০ বছর। যখন এটি পাকা হয় তখন এর পাশে কোনো বাড়িঘর ছিলো না। আসমা বাড়ি করার পর সড়কে থাকা ইটগুলো এক এক করে উধাও হয়ে যায়। মাদক সেবীদের যাতায়াতও রয়েছে এ বাড়িতে। আগেও কয়েকবার এদের অপকর্মের বিরুদ্ধে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। এরআগে একবার স্থানীয় বলবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান খান ঐ টিনের বেড়া উচ্ছেদ করে রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগি করেছিলেন। এছাড়া কিসমত জামুয়া গ্রামের এ সড়ক পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পিচঢালাই সড়ক নির্মাণের সুপারিশ করেছেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

ভাগ