সাতক্ষীরা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা॥ ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, মঙ্গলবার গভীর রাতে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম জেলার ঘরচালা গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে। ব্যাটালিয়নের অপস অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে অভিযান চালায়। ভারতে পাচারকালে ৭৩ লাখ টাকা মূল্যের (১ কেজি ১৬৬ গ্রাম ৪০০ মিলি গ্রাম) ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণের বারসহ সাতক্ষীরা এলাকার অন্যতম স্বর্ণ চোরাকারবারি মো. মনিরুল ইসলাম আটক করা হয়। চোরাকারবারি কৌশলে স্বর্ণের বারসমূহ তার শরীরে (প্যান্টের কোমরে বিশেষ পদ্ধতিতে সেলাই করা অবস্থায়) জড়িয়ে বহন করছিল। আটক আসামিকে কলারোয়া সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাগ