স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোলে সোনার বারসহ আটক আব্দুল ওয়াহাবের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক গৌতম মল্লিক তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল ওয়াহাব শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিলো। মামলার বিবরণে জানা গেছে, গত ৯ মার্চ বিকেলে বিজিবি সদস্যরা বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে একটি ইজিবাইক থামিয়ে আব্দুল ওয়াহাব নামে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার ১০টি বার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন বিজিরি হাবিলদার নুরুল ইসলাম।





