স্টাফ রিপোর্টার, খুলনা॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রীকে স্মরাকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় খুলনা বিএফইউজে ঘোষিত এ কর্মসূচি পালন করেন এমইউজের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পেশাজীবী সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজের একাধিক বার নির্বাচিত সভাপতি রুহুল আমিন গাজী ১০ মাস ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আটক রয়েছেন। এই আইনটি সাংবাদিকদের কণ্ঠরোধ করার আইন হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দেশ-বিদেশের সাংবাদিক ও মানবাধিকারকর্মী দাবি করে আসছেন। রুহুল আমিন গাজী কিডনী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ জটিল বেশকিছু রোগে ভুগছেন। পেশাজীবী সাংবাদিকদের কণ্ঠরোধ করা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয় স্মারকলিপিতে। স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহ- সভাপতি মো. রাশিদুল ইসলাম, এমইউজের সহ-সভাপতি ও বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এহতেশামুল হক শাওন, এমইউজের সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, এমইউজের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানাসহ সংশি¬ষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





