স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আর এক দিনে বেড়েছে মৃতের সংখ্যা, তবে কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৮ জনের। গতকাল মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২৭১ জনের।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাত জনের মৃত্যু হয়েছে । এছাড়া খুলনা একজন, যশোরে চারজন, মাগুরা ও ঝিনাইদাহে একজন করে মারা গেছে। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৮৯৯ জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭ হাজার ৩৯৪ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ৪০ জন, বাগেরহাটে ৯ জন, সাতক্ষীরায় ৭ জন, যশোরে ১৭ জন, ঝিনাইদহে ১১ জন, মাগুরায় ২ জন, নড়াইলে ৯, চুয়াডাঙ্গায় শূন্য ও মেহেরপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।





